তানভীর ভুইয়া, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পৃথক দুটি অভিযানে ১৬ কেজি গাঁজা, ১৭৫টি ইয়াবা ট্যাবলেট ও ২ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় চারজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (১১ জুলাই) রাত ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার একটি দল উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী এলাকায় অভিযান চালায়। এ সময় এক ব্যক্তির বসতঘরে তল্লাশি চালিয়ে ১৭৫টি ইয়াবা ট্যাবলেট ও ২ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে শাকিল আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এরপর রাত সাড়ে ১০টার দিকে একই ইউনিয়নের উথারিয়াপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ১৬ কেজি গাঁজাসহ খোকন মিয়া, মিলন মিয়া ও সোহাগ মিয়াকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার মিলন মিয়ার বিরুদ্ধে আগে চারটি মাদক মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।