হৃদয় হাসান (বিশেষ প্রতিনিধি)
যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া পশ্চিমপাড়া এলাকায় আলতাফ হোসেনের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে (২০ ফেব্রুয়ারি) হঠাৎ করে বাড়িটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দুটি রান্নাঘরসহ একটি গোয়ালঘরের বিভিন্ন অংশে। এ সময় রান্নাঘরে থাকা আসবাবপত্র, জ্বালানি ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
বাড়ির মালিক আলতাফ হোসেন চাকরিসূত্রে ঢাকায় অবস্থান করায় ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। আগুন লাগার পর আশপাশের লোকজন এগিয়ে এসে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে স্থানীয়দের প্রচেষ্টা এবং বাঘারপাড়া ফায়ার সার্ভিস এর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন স্থানীয়রা।