জেমস আব্দুর রহিম রানা:
রাজধানীতে বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ শ্রমিক কংগ্রেসের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আনোয়ার কে মোরশেদকে আহ্বায়ক এবং মোঃ মনির হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
আজ ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, খুব শীঘ্রই বাংলাদেশ শ্রমিক কংগ্রেসের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
নেতারা জানান, নতুন নেতৃত্বের অধীনে সংগঠনটি দেশের শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আরও সক্রিয় ভূমিকা পালন করবে। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এবং শ্রম খাতের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
এছাড়াও বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, শোষণমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা এবং প্রান্তিক শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ শ্রমিক কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনটি শ্রমিকদের পাশে থেকে তাদের দাবি-দাওয়া বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।