তানভীর ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে চার দিন ধরে পড়ে থাকা প্রতিবন্ধী খোকন মিয়ার মরদেহ গ্রহণে অনাগ্রহ প্রকাশ করেছেন তার পরিবার। শেষ পর্যন্ত মানবিক উদ্যোগে বেওয়ারিশ হিসেবে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের ব্যবস্থাপনায় খোকন মিয়ার দাফন সম্পন্ন হয়।
জানা যায়, পরিচয় নিশ্চিত হওয়ার পরও মরদেহ নিতে পরিবারের সদস্যরা অনাগ্রহ দেখান। ছোট ছেলে রানা মরদেহ গ্রহণের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তিনি হাসপাতালে আসেননি।
এর আগে সোমবার (৪ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর থেকে রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মরদেহ দাফন করে ফেলতে বলেন। এর আগের দিন রোববার তাকে মরদেহ গ্রহণ করে নিজ এলাকায় দাফনের জন্য একাধিকবার অনুরোধ করা হয়। এমনকি অ্যাম্বুলেন্স ভাড়া, কাফন ও দাফনের সব ব্যয় বহনের আশ্বাসও দেওয়া হয়েছিল।
পরিবারের সাড়া না মেলায় শেষ পর্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে বেওয়ারিশ মরদেহ হিসেবে খোকন মিয়ার দাফন সম্পন্ন করে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর।