স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগরে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল জব্দ করার পর এর সিটের নিচ থেকে পেট্রোল বো\মা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার নওয়াপাড়া বেঙ্গল এলাকা থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় ৪০ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে নওয়াপাড়া নর্থ বেঙ্গল এলাকায় নাশকতার উদ্দেশ্যে একদল লোক অবস্থান করছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত মোটরসাইকেলটি জব্দ করে। পরবর্তীতে মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচে বিশেষ কায়দায় রাখা একটি পেট্রোল বো\মা পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ওই এলাকায় নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। ধাওয়া খেয়ে তারা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত মোটরসাইকেলটি জব্দ করে তল্লাশি চালালে সিটের নিচ থেকে একটি পেট্রোল বো\মা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় ৪০ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।