হৃদয় হাসান, বাঘারপাড়া (যশোর)
যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। হাসপাতালের টয়লেট অপরিচ্ছন্ন, আয়া ও সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে রোগী ও স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার এবং নির্ধারিত সময়ে চিকিৎসকদের উপস্থিত না থাকার অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা।
রোগী ও তাঁদের স্বজনদের অভিযোগ, চিকিৎসা নিতে এসে হাসপাতালের টয়লেটের অপরিচ্ছন্ন পরিবেশের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক রোগীদের জন্য বিষয়টি আরও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে পুকুরিয়া এলাকার ফরিদুল ইসলাম এবং মনোয়ারা মহিরণ ও চাড়াভিটা এলাকার সাফিয়া খাতুন সহ কয়েকজন সেবাগ্রহীতা হাসপাতালের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা জানিয়েছেন।
তাঁদের অভিযোগ, হাসপাতালের কিছু কর্মীর আচরণে রোগী ও স্বজনরা বিব্রত হচ্ছেন। পাশাপাশি নির্ধারিত সময়ে চিকিৎসকদের উপস্থিতি না পাওয়ায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে রোগীদের।
স্থানীয়দের প্রশ্ন, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে এসে যদি রোগীদের এমন দুর্ভোগ পোহাতে হয়, তাহলে সাধারণ মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে কীভাবে?
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হাসপাতালের টয়লেটসহ সার্বিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কর্মীদের আচরণে পেশাদারত্ব নিশ্চিত করা এবং চিকিৎসকদের নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।