1. gangchiltvip@gmail.com : admin :
গাঙচিলে ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি ভাড়া নৈরাজ্য, সংবাদ প্রকাশের পর সাংবাদিককে হত্যার হুমকি - Gangchil TV
April 8, 2026, 11:52 pm

গাঙচিলে ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি ভাড়া নৈরাজ্য, সংবাদ প্রকাশের পর সাংবাদিককে হত্যার হুমকি

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, April 8, 2026
  • 50 সময় দেখুন

 

ডেস্ক রিপোর্টঃ

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জনমনে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে নির্ধারিত ভাড়া তালিকা না থাকায় চালকেরা ইচ্ছামতো ভাড়া আদায় করছেন বলে অভিযোগ স্থানীয়দের।

 

এ বিষয়ে গাঙচিল টিভি-তে সংবাদ প্রকাশ করেন প্রতিবেদক তানভীর ভূইয়া। সংবাদ প্রকাশের পর তাকে গুম ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সময়ের সঙ্গে ভাড়া পরিবর্তন হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্ধারিত ভাড়া তালিকা প্রণয়ন বা কার্যকর বাস্তবায়ন হয়নি। ফলে যাত্রীরা প্রতিনিয়ত বিভ্রান্তিতে পড়ছেন। উপজেলার বিভিন্ন সড়কে স্বল্প দূরত্বেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে, যা নিম্নআয়ের মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে।

 

এদিকে, (৪ এপ্রিল ২০২৬ ইং) সংবাদ প্রকাশের পর সাংবাদিক তানভীর ভূইয়াকে হুমকি দেওয়া হয় বলে তিনি জানান। টুকচানপুর সিএনজি স্ট্যান্ডের একাধিক চালক তার প্রতিবেদনে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি তখন ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছিলেন। এই সুযোগে চারজন চালক তার বাড়িতে গিয়ে পরিবারের এক নারী সদস্যের কাছে তাকে গুম ও হত্যার হুমকি দেয় এবং দ্রুত সংবাদটি সরিয়ে ফেলার আল্টিমেটাম দেয়।

 

তিনি আরও জানান, পরবর্তীতে এক চালক তাকে ফোন করে সিমনা (শেখ হাসিনা) সড়ক দিয়ে চলাচল না করার হুমকি দেন এবং বলেন, “ওই পথে গেলে পরিণতি খারাপ হবে।” একই সঙ্গে তার ছবি সংগ্রহ করে কয়েকজন লোক অবস্থান করছে বলেও জানানো হয়।

 

তানভীর ভূইয়া বলেন, সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরা তার পেশাগত দায়িত্ব। কিন্তু এ কারণে তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি নিরাপদে সংবাদ প্রকাশের পরিবেশ নিশ্চিত করা এবং হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

এ বিষয়ে বিজয়নগর উপজেলা প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক শাহনেওয়াজ শাহ বলেন, ঘটনার সত্যতা যাচাইয়ে তারা মাঠে গেছেন। আবুল বাসার (৪০) নামের এক চালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অন্যদের পরিচয় দিতে অস্বীকৃতি জানান। সাংবাদিকের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি সন্তোষজনক জবাব দেননি।

 

প্রেসক্লাবের সভাপতি হীরা আহমেদ জাকির বলেন, জনসাধারণের সমস্যা, সমাজের অন্যায়-অনিয়ম ও অপরাধ তুলে ধরা সাংবাদিকের দায়িত্ব। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতা ও বাকস্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হুমকিদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা এবং সিএনজি ভাড়া নৈরাজ্য বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর