খুলনার ফুলতলায় এক কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় পলাতক আসামি পার্থ কুন্ডু (২৯)-কে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে বিকেলে তার ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা থানার এসআই মো. শফিউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল তাজপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় পার্থ কুন্ডুর বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর পুলিশ পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে ডান হাতে থাকা একটি সাদা শপিং ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ওই ব্যাগ তল্লাশি করে ঘিয়ে রঙের কস্টটেপ দিয়ে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা। বিকেল ৫টা ১০ মিনিটের দিকে ডিজিটাল পরিমাপক যন্ত্রের মাধ্যমে গাঁজার ওজন নিশ্চিত করে তা জব্দ করা হয়।
এ ঘটনায় ফুলতলা থানার এসআই মো. শফিউজ্জামান বাদী হয়ে পার্থ কুন্ডুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করেন।
পুলিশের এজাহার সূত্রে জানা গেছে, পার্থ কুন্ডুর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৩ সালের একটি মাদক মামলায় এবং ২০২৬ সালের আরেকটি মাদক মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, গাঁজা উদ্ধারের পর পলাতক আসামি পার্থ কুন্ডুকে গ্রেপ্তারের জন্য রাতভর অভিযান চালানো হয়। পরে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৩টা ৪ মিনিটের দিকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এসআই মো. শফিউজ্জামান জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় মামলা হওয়ার পর আসামিকে আটক করতে রাতে অভিযান চালানো হয়। একপর্যায়ে তাকে আটক করা সম্ভব হয়েছে।