1. gangchiltvip@gmail.com : admin :
বিজয়নগরে প্রবাসীর বাড়িতে হামলা করে গেইটে তালা দিয়ে দখলচেষ্টার অভিযোগ  - Gangchil TV
May 18, 2026, 6:06 am

বিজয়নগরে প্রবাসীর বাড়িতে হামলা করে গেইটে তালা দিয়ে দখলচেষ্টার অভিযোগ 

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, May 17, 2026
  • 30 সময় দেখুন

 

 

তানভীর ভুইয়া ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি:

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক প্রবাসীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে জমি-সংক্রান্ত বিরোধের কথা জানিয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামের প্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী সালমা বেগম শুক্রবার (১৫ মে) সকাল আনুমানিক ৭টার দিকে নিজ বাড়িতে হামলার শিকার হন। তার অভিযোগ, পূর্বের জমিজমা বিরোধের জেরে প্রতিবেশী হিরন মিয়া সরকার, সেলিম মিয়া, হানিফ মিয়া ও শরুফা বেগমসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে হামলা চালায়।

 

ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা তাকে ও তার সন্তানদের মারধর করে আহত করে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া ঘরে থাকা আলমারি থেকে নগদ প্রায় ২ লাখ টাকা ও আনুমানিক সাড়ে ৭ লাখ টাকা মূল্যের প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

সালমা বেগম আরও বলেন, “আমার স্বামী প্রবাসে থাকায় আমি সন্তানদের নিয়ে একা বসবাস করি। দীর্ঘদিন ধরে তারা আমাদের বিভিন্নভাবে হয়রানি করছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। হিরন মিয়ার নামে মাদক, অস্ত্র মামলাসহ অনেক মামলা রয়েছে”

 

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রবাসী আমিনুল ইসলামের পরিবার দীর্ঘদিন ধরে ওই জায়গায় বসবাস করে আসছে এবং সেখানে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে রেখেছে। তাদের দাবি, ঘটনার দিন অভিযুক্তরা বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নতুন তালা লাগিয়ে দেয়।

 

তবে অভিযুক্ত হিরন মিয়া বলেন, “ওই জায়গার মাত্র ২ শতক জমির দলিল তাদের রয়েছে। বাকি জমি তারা পূর্বে জোরপূর্বক দখল করে রেখেছে।”

 

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে বাড়ির গেটে তালাবদ্ধ অবস্থা দেখা যায়। তিনি বলেন, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর