1. gangchiltvip@gmail.com : admin :
জেলের তালা খুললেই ফের মাদক কারবারে সক্রিয় ‘নবী-নিপা’, উদ্যানে বিস্তৃত সিন্ডিকেটের অভিযোগ - Gangchil TV
April 25, 2026, 12:27 pm

জেলের তালা খুললেই ফের মাদক কারবারে সক্রিয় ‘নবী-নিপা’, উদ্যানে বিস্তৃত সিন্ডিকেটের অভিযোগ

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, April 25, 2026
  • 22 সময় দেখুন

 

 

 

জেমস আব্দুর রহিম রানা: 

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ উন্মুক্ত সবুজ এলাকা সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে আবারও মাদক কারবার সক্রিয় হয়ে ওঠার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র উদ্যানজুড়ে মাদক বেচাকেনা নিয়ন্ত্রণ করছে, যার নেতৃত্বে রয়েছেন নুরনবী ও তার স্ত্রী নিপা বেগম। একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, নুরনবীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মাদক মামলা হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল ও শাহবাগ থানাসহ বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলার তথ্য স্থানীয়দের আলোচনায় উঠে এসেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, গ্রেপ্তার ও কারাবাসের পরও এই চক্রের কার্যক্রম বন্ধ হয়নি; বরং প্রতিবার আরও সংগঠিতভাবে তারা সক্রিয় হয়েছে।

অভিযোগ রয়েছে, শুধু ব্যক্তি পর্যায়ের মাদক কারবার নয়, একটি বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে উদ্যান এলাকায় এই ব্যবসা পরিচালিত হয়। স্থানীয়দের ভাষ্য, অর্থের জোগান, সরবরাহ ও মাঠপর্যায়ের বিক্রি—সবকিছুই একটি সুসংগঠিত সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এ চক্রের সঙ্গে ১৫ থেকে ২০ জনের একটি সক্রিয় দল জড়িত বলে দাবি করা হচ্ছে, যারা পালাক্রমে উদ্যানের বিভিন্ন অংশে অবস্থান নিয়ে মাদক বিক্রি করে।

এ চক্রে নুরনবীর প্রধান সহযোগী হিসেবে তার স্ত্রী নিপার নাম সামনে এসেছে। অভিযোগ রয়েছে, অর্থ লেনদেন ও ব্যবসার হিসাব-নিকাশে তার সক্রিয় ভূমিকা রয়েছে। পাশাপাশি বাইরে থেকে পাইকারি সরবরাহের মাধ্যমেও এই নেটওয়ার্ক পরিচালিত হয় বলে অভিযোগ স্থানীয়দের।

সংশ্লিষ্টদের মতে, প্রশাসনের নিয়মিত অভিযান থাকলেও স্থায়ী সমাধান মিলছে না। গ্রেপ্তারের পর দ্রুত জামিনে মুক্ত হয়ে অভিযুক্তরা আবার সক্রিয় হয়ে পড়ায় পুরো প্রক্রিয়ার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে। সাধারণ দর্শনার্থী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বলছেন, সোহরাওয়ার্দী উদ্যানের মতো গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের কর্মকাণ্ড জননিরাপত্তা ও সামাজিক পরিবেশের জন্য বড় হুমকি হয়ে উঠছে।

স্থানীয়দের অভিযোগ, উদ্যানের পরিবেশ নিরাপদ রাখতে শুধু বিচ্ছিন্ন অভিযান নয়, প্রয়োজন সিন্ডিকেটভিত্তিক অভিযান, নিয়মিত নজরদারি এবং মাদক কারবারের মূল হোতাদের আইনের আওতায় এনে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা। অন্যথায় রাজধানীর এই ঐতিহাসিক উদ্যান ক্রমেই অপরাধচক্রের অভয়ারণ্যে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর