দহনছায়া
—-✍🏻 বিপ্লব হোসেন
ঠোঁটের সব হাসিই লুকিয়ে আছে,
চোখের জলের গভীরে!
নীরবতার ভিতরে আজ এক অচেনা শব্দ,
ভাঙা হৃদয়ের টুকরোগুলো নিজেকেই খুঁজে ফেরে বারবার।
বুকের গভীরে জমে থাকা কথাগুলো,
ঠোঁটের কিনারায় এসে থমকে দাঁড়ায়,
সত্যগুলো বড় নিষ্ঠুর।
আমি হাসি
কাঁদলে পৃথিবীও থেমে যায়
ভেতরটা আরও ভেঙে পড়ে।
একটা সময় স্বপ্নগোলো রঙিন ছিল,
আজ সেগুলো ছাই হয়ে উড়ে যায়
নিঃশব্দ বাতাসে।
চোখের কোণে জমে থাকা প্রতি ফোঁটা জল,
একেকটা অসমাপ্ত গল্প।
কেউ দেখে না,
হাসির আড়ালে লুকিয়ে থাকা কান্নার গভীরতা।
এই শহরের আলো
আমার অন্ধকার ঢাকতে পারে না,
আরও স্পষ্ট করে
নিঃসঙ্গতার চিহ্নগুলো।
রাত দীর্ঘ হয়,
ঘুম হারিয়ে যায়,
স্মৃতিগুলো জেগে থাকে নিরবধি।
প্রতিটা স্মৃতি
তীক্ষ্ণ কাঁটার মতো,
বারবার বিঁধে যায়
একই ক্ষতে।
চিৎকার করতে ইচ্ছে করে,
শব্দগুলো গলায় আটকে যায়,
শোনার মতো কেউ নেই।
পাহাড় সমান হাহাকার জমে উঠে
বুকের ভিতরে,
তার নিচে চাপা পড়ে থাকে স্বপ্নের পাণ্ডুলিপি।
বুকের অনল প্রবাহ,
চোখ বেয়ে নামে ধোঁয়ার কুন্ডলি।
মানুষ ভাবে
এসব শুধু আবেগের ঢেউ।
এই কান্নার গভীরে
লুকিয়ে থাকে ভাঙা সত্তা,
ভাঙা স্বপ্ন, আগামীর ভবিষ্যৎ,
অদৃশ্য ক্ষতচিহ্ন।
প্রতিদিন একটু একটু করে
হারিয়ে ফেলি আমার আগের আমিটাকে,
অচেনা হয়ে যায়।
তবু বেঁচে থাকা,
অভ্যাসের মতো
নিঃশ্বাস চলতে থাকে।
শেষে; মুখে রয়ে যায় এক চিলতে হাসি,
ভেতরে জমে থাকে
অগণিত না বলা আর্তনাদ।