যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা বৈরাগী মোড় সংলগ্ন একটি মাছের ঘের থেকে আরিফ হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আরিফ হোসেন স্থানীয় গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে। তিনি একই ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। পরে মরদেহটি আনোয়ার ফকিরের ঘেরের পানিতে ফেলে রাখা হয়। সকালে স্থানীয়রা ঘেরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।