যশোরে জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা
কোকোকে নিয়ে ‘অশালীন বক্তব্যের’ অভিযোগ, পিবিআইকে তদন্তের নির্দেশ
জেমস আব্দুর রহিম রানা, যশোর:
কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে যশোর আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য ও শহরের খড়কি এলাকার বাসিন্দা মেহেদী হাসান জিল্লু বাদী হয়ে মামলাটি করেন।
মামলাটি যশোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম আমলে গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম. এ. গফুর।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২০২৩ সালে চট্টগ্রামে আয়োজিত একটি ধর্মীয় মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত থেকে আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন, কটূক্তিমূলক ও সম্মানহানিকর বক্তব্য দেন। অভিযোগে বলা হয়, একজন মৃত ব্যক্তিকে উদ্দেশ করে এ ধরনের বক্তব্য শুধু ব্যক্তিগত মর্যাদাই ক্ষুণ্ন করে না, বরং তা একটি রাজনৈতিক পরিবারের সামগ্রিক সম্মান ও সামাজিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে।
বাদীর দাবি, উক্ত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ফলে কোকোর পরিবার ও স্বজনরা জনসমক্ষে বিব্রতকর ও অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। বিষয়টি সামাজিকভাবে নিন্দনীয় এবং আইনত দণ্ডনীয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, গত ১৭ জানুয়ারি বিএনপির যশোর শহরের লালদীঘির পাড়ের দলীয় কার্যালয়ে অবস্থানকালে অনলাইনে ওই বক্তব্যের ভিডিও দেখেন বাদী মেহেদী হাসান জিল্লু। ভিডিওটি দেখার পর তিনি গভীরভাবে হতবাক ও মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন। পরে আইনগত পরামর্শ নিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম. এ. গফুর বলেন,
“একটি স্বাধীনতাবিরোধী ও উগ্র চিন্তাধারার চক্র পরিকল্পিতভাবে জিয়া পরিবারের বিরুদ্ধে কটূক্তি ও মানহানিকর বক্তব্য ছড়িয়ে দিচ্ছে। একজন প্রয়াত ব্যক্তিকে নিয়ে প্রকাশ্যে অশালীন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনের শাসন নিশ্চিত করতেই আমরা আদালতের আশ্রয় নিয়েছি।”
তিনি আরও বলেন, তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবে এবং অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা আশাবাদী।
উল্লেখ্য, অভিযুক্ত আমির হামজা কুষ্টিয়া সদর উপজেলার ডাবিরাভিটা গ্রামের বাসিন্দা এবং রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন। মামলাটি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত আমির হামজার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।