স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) :
যশোরের অভয়নগরে ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করেন। আটক আলমগীর অভয়নগর উপজেলার মহাকাল গ্রামের মৃত মোহাম্মদ আলী খার ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় তার ঘরে তল্লাশি চালিয়ে ৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
পরে থানা পুলিশ আটক আলমগীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।