1. gangchiltvip@gmail.com : admin :
একাধিক নাম ব্যবহার করে টিসিবি ডিলারদের প্রতারণা: হাতেনাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের কারাদণ্ড - Gangchil TV
May 15, 2026, 12:07 pm

একাধিক নাম ব্যবহার করে টিসিবি ডিলারদের প্রতারণা: হাতেনাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের কারাদণ্ড

Reporter name :
  • আপডেটের সময়: Friday, May 15, 2026
  • 36 সময় দেখুন

 

 

স্টাফ রিপোর্টার | যশোর

 

যশোরের অভয়নগরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ—টিসিবি)–এর ডিলারশিপ বাতিল ঠেকানোর ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টাকালে এক প্রতারককে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম অহিদুজ্জামান। তিনি যশোরের মনিরামপুর উপজেলার আটঘরা গ্রামের হযরত আলীর ছেলে।

 

প্রশাসন ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, অহিদুজ্জামান নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে টিসিবির ডিলারশিপ বাতিল ঠেকিয়ে দেওয়ার আশ্বাস দেন। এ জন্য তিনি পৃথক দুইজন ডিলারের কাছ থেকে চাপানির নামে প্রায় আড়াই লক্ষ টাকা দাবি করেন।

 

 

১৪ মে বৃহস্পতিবার সকালে আরিফ, শাহিন ও সোহাগসহ একাধিক নাম ব্যবহারকারী ওই ব্যক্তি যশোরের নওয়াপাড়া নূরবাগ সংলগ্ন এলাকায় অবস্থিত ‘ভাই ভাই ট্রেডিং’ নামের একটি অফিসে দাবিকৃত অর্থ নিতে আসেন। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

 

খবর পেয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু–এর নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। যথাযথ প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

একপর্যায়ে জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় অহিদুজ্জামানকে দোষী সাব্যস্ত করে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

ভুক্তভোগী ডিলার হুমায়ূন কবির জানান, গত কয়েকদিন ধরে একটি অজ্ঞাত নম্বর থেকে তাকে বারবার ফোন করে টিসিবির ডিলারশিপ বাতিল ঠেকানোর কথা বলে অর্থ দাবি করা হচ্ছিল। একইভাবে আহসানুল কাদির নামের আরেক ডিলারের কাছেও ফোনে অর্থ দাবি করা হয়।

 

পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার সকালে টাকা নিতে এলে স্থানীয়দের সহযোগিতায় সময়ক্ষেপণ করে অভিযুক্তকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।

 

খোঁজ নিয়ে জানা গেছে, অহিদুজ্জামান দীর্ঘদিন ধরেই বিভিন্ন নাম ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। প্রশাসনের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

এ সময় প্রতারকের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে থানায় হেফাজতে রাখা হয়েছে।

 

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর