সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজের বিভিন্ন অংশে দেখা যায়, একটি কক্ষে এক তরুণীর সঙ্গে অবস্থান করছেন গাজী নজরুল ইসলাম। কিছু দৃশ্যে তাকে মোবাইল ফোনে কথা বলতে এবং অন্য কিছু দৃশ্যে ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠভাবে বসে থাকতে দেখা যায়।
ভিডিওটি সোমবার (২০ জুলাই) রাতে ভাইরাল হওয়ার পর প্রথমদিকে সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল দাবি করে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ভুয়া ভিডিও। তবে পরে তথ্য যাচাইকারী একাধিক ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানের অনুসন্ধানের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়, ভিডিওটিতে এআই বা সম্পাদনার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান বলেন, ভিডিওতে থাকা নারীকে এমপি গাজী নজরুল ইসলাম তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন। তার দাবি, প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে সম্পন্ন হয়েছে। তবে ভিডিওটি কীভাবে প্রকাশ্যে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিয়ের সময় সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, সুনির্দিষ্ট তারিখ নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে তাদের জানা মতে, বিয়েটি বেশ কিছুদিন আগে সম্পন্ন হয়েছে।
এদিকে, ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজের টাইমস্ট্যাম্প অনুযায়ী ভিডিওটি ২০২৩ সালের ১০ জুলাই ধারণ করা হয়েছিল বলে জানা গেছে। তবে ভিডিওটি ঠিক কোন স্থানে ধারণ করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চললেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা এমপি গাজী নজরুল ইসলামের পক্ষ থেকে পৃথক কোনো আনুষ্ঠানিক লিখিত বক্তব্য প্রকাশ করা হয়নি।