ু
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর):
যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে আনিসুর রহমান (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে শুভরাড়া ইউনিয়নের একটি এলাকায় এ ঘটনা ঘটে।
আটক আনিসুর রহমান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গালা গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ভাঙাগেট এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী নিত্যানন্দ সরকার জানান, দুপুরে তিনি পানবরজে কাজ করছিলেন। এ সময় ওই শিক্ষার্থীর চিৎকার শুনে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। তখন অভিযুক্ত আনিসুর সেখান থেকে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনিসুরকে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে ভুক্তভোগী শিক্ষার্থীকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর প্রাথমিক চিকিৎসা দেন।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে আনিসুরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।