জমি রূপান্তরের আবেদন অনুমোদন করাতে দিতে হবে ঘুষ! অভিযোগ পেয়েই তদন্তে নামল দুর্নীতি দমন শাখা (Anti-Corruption Branch)। তাদের পাতা ফাঁদে পা দিয়ে ২৫ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন উত্তর ২৪ পরগনার বাগদহ বি.এল.অ্যান্ড এল.আর.ও অফিসের এক রেভিনিউ ইনসপেক্টর (Bagdah Revenue Inspector)। বুধবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, জমি রূপান্তরের একটি আবেদন প্রক্রিয়াকরণ এবং অনুমোদনের সঙ্গে যুক্ত কাজের জন্য ওই আধিকারিক ঘুষ দাবি করেছিলেন বলে অভিযোগ। এরপরই অভিযোগ জানানো হয় রাজ্যের দুর্নীতি দমন শাখার (ACB) কাছে অভিযোগ জানান এক ব্যক্তি। অভিযোগ পাওয়ার পরই ঘটনার সত্যতা যাচাই করতে আইনি প্রক্রিয়া শুরু করে এসিবি (West Bengal ACB)।
বুধবার, ২৩ সেপ্টেম্বর বাগদহ বি.এল.অ্যান্ড এল.আর.ও. অফিসে সেই ফাঁদ অভিযান চালানো হয়। পরিকল্পনামতো নির্দিষ্ট সময় ও জায়গায় অভিযোগকারী ওই রেভিনিউ ইনসপেক্টরকে ২৫ হাজার টাকা দেন। টাকা নেওয়ার সময়ই ACB-র আধিকারিকরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন।
ACB সূত্রে জানা গিয়েছে, জমি রূপান্তরের আবেদন সংক্রান্ত কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং তা অনুমোদনের সঙ্গে যুক্ত বিষয়েই ওই টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ। অভিযোগকারীর কাছ থেকে টাকা নেওয়ার সময় অভিযুক্ত রেভিনিউ ইনসপেক্টরকে ধরে ফেলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। অভিযানের পর ঘটনাস্থল থেকেই ওই আধিকারিককে হেফাজতে নেওয়া হয়।
সরকারি কোনও কাজের জন্য ঘুষ চাওয়ার অভিযোগ নতুন নয়। কিছুদিন আগেই নদিয়ায় পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ঘুষ চাওয়ার অভিযোগে দুই সিভিক ভলান্টিয়ারকে (Civic Volunteers Arrested) হাতেনাতে ধরে এসিবি।
কয়েকমাস আগেটিকা অভিযানে ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে ধরা পড়লেন এক সরকারি আধিকারিক। ঘটনাটি ঘটেছিল গত মাসের শেষ সপ্তাহে, হাওড়ার উলুবেড়িয়া সাব-রেজিস্ট্রি অফিসে। এসিবি সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি হাওড়ার সহকারী জেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে কর্মরত ছিলেন। অভিযোগ, তিনি এক কাজের বিনিময়ে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তাঁকে গ্রেফতার করে ACB।