আলতাফ হোসেন অনিক | স্টাফ রিপোর্টার
বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা দক্ষিণ পাড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৫) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী এবং সহকারী পরিচালক ইন্দ্রানী দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, নিষিদ্ধ পণ্য মজুদ রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়ে মোট ৬টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো
ভাই ভাই স্টোর — ৫,০০০ টাকা
সাহা স্টোর — ৩,০০০ টাকা
মা মিষ্টান্ন ভাণ্ডার — ১,০০০ টাকা
সরকার কসমেটিকস — ৩,০০০ টাকা
ভাই ভাই কসমেটিকস — ২,০০০ টাকা
সোনার বাংলা হোটেল — ৩,০০০ টাকা
এতে মোট ১৭,০০০ (সতেরো হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উজিরপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এস.এম. ইলিয়াস উদ্দিন। আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে হারতা পুলিশ ফাঁড়ির একটি চৌকস পুলিশ টিম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তারা ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ভোক্তা স্বার্থবিরোধী যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।