খুলনার পাইকগাছায় শীতের মৌসুমের শুরুতেই বিভিন্ন প্রজাতির অতিথি পাখির আগমন ঘটছে। তবে এসব পাখির নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠা খাল-বিল ও জলাশয়গুলোতে চলছে শিকারিদের তৎপরতা। সাউন্ড বক্সে পাখির ডাক বাজিয়ে, ফাঁদ ও বিষটোপ ব্যবহার করে অবাধে শিকার করা হচ্ছে অতিথি পাখি।
কপিলমুনিসহ উপজেলার লতা, দেলুটি, গদাইপুর, গড়ইখালী, চাঁদখালী ও সোলাদানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অতিথি পাখির আনাগোনা বেড়েছে। বিশেষ করে পাকা ধানক্ষেত, খাল-বিল ও জলাশয়ে এসব পাখি আশ্রয় নিচ্ছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণির শিকারি বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে পাখি শিকার করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিকারিরা সাউন্ড বক্সে পাখির ডাক বাজিয়ে পাখিদের আকৃষ্ট করে। এরপর ফাঁদ ও বিষটোপের মাধ্যমে প্রতিদিন শত শত পাখি শিকার করা হচ্ছে। শিকার করা পাখির মধ্যে রয়েছে বালিহাঁস, শামুকখোল, নীলশির, লালশির, বড় সরালী, ছোট সরালী, সাদা বক, ধূসর বক, গো বক, পানকৌড়ি, কাদাখোঁচা, মাছরাঙা, রাতচরা ও সারসসহ বিভিন্ন প্রজাতির পাখি।
শিকার করা এসব পাখি গোপনে বাজারে এবং গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ করে রাতের আঁধারে পাখি শিকার করে আসছে একটি চক্র। আকার ও প্রজাতিভেদে প্রতিটি পাখি ৩০ থেকে ৫০০ টাকা কিংবা তারও বেশি দামে বিক্রি করা হয়।
এতে অতিথি পাখির নিরাপদ বিচরণ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা পাখি শিকার বন্ধে নিয়মিত অভিযান এবং শিকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান বলেন, “পাখি শিকার রোধে আমাদের অভিযান চলছে। ইতোমধ্যে অনেককে আটক করা হয়েছে। পাখি শিকারিদের ধরতে পাইকগাছার বিভিন্ন বিলে আমাদের টিম নিয়মিত অভিযান পরিচালনা করবে।”