অভয়নগর (যশোর) প্রতিনিধি :
যশোরের অভয়নগরে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ একটি পিকআপ জব্দ করেছে থানা পুলিশ। এ সময় মাদক কারবারের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এর আগে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয়দের হাতে আটক হয়ে তারা গণধোলাইয়ের শিকার হন বলে জানা গেছে।
আটক ব্যক্তিরা হলেন, অভয়নগর উপজেলার তালতলা এলাকার মাহমুদ মোল্যার ছেলে শারাফাত মোল্যা এবং নাউলী এলাকার মনির আজুঞ্জির ছেলে তারিকুল শেখ। স্থানীয় সূত্রে জানা যায়, জনবহুল নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় একটি পিকআপ নিয়ে ওই দুই ব্যক্তি ঘোরাঘুরি করছিলেন। তাদের চলাফেরা ও আচরণ স্থানীয়দের সন্দেহজনক মনে হলে কয়েকজন তাদের আটক করেন। এ সময় উত্তেজিত জনতার হাতে তারা মারধরের শিকার হন। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং দুই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাদের সঙ্গে থাকা পিকআপে তল্লাশি চালিয়ে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন দুই ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। এ সময় পিকআপ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।