ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যশোর জেলার অভয়নগর ও বাঘারপাড়া এলাকায় ক্রমশ অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সাধারণ জনগণের দাবি, নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল–এর কার্যকর ভূমিকার অভাবেই এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে আক্রোশ ও সংঘাত বাড়ছে।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ছোটখাটো বিরোধ থেকেও বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটছে। মাদক সংশ্লিষ্ট তৎপরতা বেড়ে যাওয়ায় তরুণ সমাজ বিপথগামী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজনৈতিক ও ব্যক্তিগত দ্বন্দ্বও প্রকাশ্যে রূপ নিচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনকি ধর্মীয় উপাসনালয়েও শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে তারা দাবি করেন। মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লীরাও নিজেদের অনিরাপদ মনে করছেন বলে জানা গেছে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়।