1. gangchiltvip@gmail.com : admin :
ঘুষ হিসেবে ‘মুরগি’ নেওয়ার অভিযোগ: নেহালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ বদলি - Gangchil TV
April 8, 2026, 10:06 pm

ঘুষ হিসেবে ‘মুরগি’ নেওয়ার অভিযোগ: নেহালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ বদলি

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, April 5, 2026
  • 68 সময় দেখুন

 

 

 

ডেস্ক রিপোর্ট :

 

যশোর জেলার মনিরামপুর উপজেলার নেহালপুর পুলিশ ক্যাম্পকে ঘিরে ওঠা ‘মুরগিতেও ঘুষ’সহ নানা চাঞ্চল্যকর অভিযোগের পর অবশেষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহুল আলোচিত ক্যাম্প ইনচার্জ রেজাউল করিমকে বদলি করে কেশবপুর উপজেলার ভাল্লুকঘর পুলিশ ক্যাম্পে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে নেহালপুর পুলিশ ক্যাম্পের নতুন ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন চিংড়া পুলিশ ক্যাম্পের আইসি শামীম হোসাইন।

 

গাঙচিল টিভি-তে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে নেহালপুর এলাকায় মাদক ব্যবসা, জুয়ার আসর, মাসোহারা আদায়, চাঁদাবাজি এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের কাছ থেকে নগদ অর্থের পাশাপাশি ‘মুরগি’ ঘুষ নেওয়ার অভিযোগ উঠে আসে। প্রতিবেদন প্রকাশের পরপরই বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়। দ্রুতই তা প্রশাসনের নজরে আসে।

 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নেহালপুর ও আশপাশের এলাকায় মাদক ও জুয়ার বিস্তার ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। ফলে যুবসমাজের মধ্যে মাদকের প্রভাব ভয়াবহ রূপ নেয় এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়ে যায়।

 

ইনচার্জ বদলির খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস দেখা গেছে। স্থানীয় বাজার ও জনসমাগমস্থলে আলোচনার কেন্দ্রবিন্দু এখন—নতুন ইনচার্জ পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আনতে পারবেন। অনেকের ভাষ্য, সন্ধ্যার পর যে এলাকায় আগে আতঙ্ক কাজ করত, সেখানে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরছে। অভিভাবকদের মধ্যেও আশার সঞ্চার হয়েছে।

 

একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “অনেকদিন পর মনে হচ্ছে আমাদের কথা কেউ শুনেছে।”

একজন অভিভাবকের ভাষ্য, “পরিবর্তনের শুরুটা হয়েছে, এবার আমরা বাস্তব ফল দেখতে চাই।”

 

চায়ের দোকান থেকে হাট-বাজার—সবখানেই আলোচনায় নতুন ইনচার্জ আইসি শামীম হোসাইন। মাদক ও জুয়ার বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থান ও দৃশ্যমান অভিযান প্রত্যাশা করছেন এলাকাবাসী।

 

সংশ্লিষ্টদের মতে, এই বদলি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়; এটি একটি স্পষ্ট বার্তা—অভিযোগ গুরুত্ব পায় এবং গণমাধ্যম সক্রিয় থাকলে জবাবদিহিতা তৈরি হয়। দৈনিক চেতনায় বাংলাদেশে প্রকাশিত প্রতিবেদন বাস্তব পরিবর্তনের সূচনা করতে পারে—নেহালপুর তার একটি উদাহরণ হয়ে উঠেছে বলে অনেকে মনে করছেন।

 

এখন সবার দৃষ্টি নতুন দায়িত্বপ্রাপ্ত ইনচার্জের দিকে। এই স্বস্তির আবহ স্থায়ী হবে, নাকি পুরনো চিত্র ফিরে আসবে—তার উত্তর দেবে সময়ই।

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর