জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সাহামিনা দিতির পাঠানো প্রতিবেদন:
পবিত্র রমজান মাস ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সংযমের শিক্ষা দেয়। মাহে রমজান উপলক্ষে আজ (৪ মার্চ) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাসে আয়োজন করে সম্মিলিত ইফতার মাহফিল।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর কেন্দ্রীয় খেলার মাঠে বিকাল ৪:৩০টা থেকে শুরু হয় এ আয়োজন। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ কামরুল আহসান এবং অধ্যাপক ড. এ.কে.এম রাশিদুল আলমসহ প্রশাসনের অন্যান্য সদস্যরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রায় ৩ হাজার মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছিল। তবে বিকাল ৫:৪০টার পর উপচে পড়া ভিড়ের কারণে উপস্থিতির সংখ্যা নির্ধারিত সীমা ছাড়িয়ে যায়। এতে অনেক শিক্ষার্থী খাবার না পেয়ে নিজ নিজ হলে ফিরে যেতে বাধ্য হন।
শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন, “এই সম্মিলিত ইফতারের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হবে।”
এর আগে, গত রবিবার (১ মার্চ) শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ইফতার আয়োজনের তথ্য জানানো হয়।