তেতুলিয়ায় বাংলাদেশ বট লিফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন
পঞ্চগড় প্রতিনিধি : মোঃ আব্দুর রাজ্জাক
পঞ্চগড়ের তেতুলিয়ায় বাংলাদেশ বট লিফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশন-এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার তেতুলিয়া মহানন্দা ইকো কটেজ-এ অবস্থিত ইএসডিও মিলনায়তন কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মরগেন টি ইন্ডাস্ট্রি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ নিয়াজ আলী চিশতী সভাপতি এবং গ্রীন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া কার্যনির্বাহী কমিটির অন্যান্য ১০ জন সদস্যও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এর আগে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ চা বোর্ড-এর প্রতিনিধি, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি শরিফ হোসেন, বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স এন্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি এবিএম আখতারুজ্জামান শাহজাহান, চা বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক মানিক খান, চা ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুজ্জামান বাবু এবং সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া-এর প্রতিনিধি আতিকুজ্জামান উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপির স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বট লিফ চা শিল্পের টেকসই উন্নয়ন, উদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।