অভয়নগর প্রতিনিধি :
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে যশোরের অভয়নগরে দুই সার ব্যবসায়ীকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রবিবার (২ আগস্ট) রাত ৮ টার দিকে মরিচা ও শুভরাড়া বালুরঘাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, সরকারি টিএসপি সার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার দায়ে বাঘুটিয়া ইউনিয়নের মরিচা বাজারে মেসার্স মাসুদ-মামুন ট্রেডার্সের মালিক মাসুদ মোল্যাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই অপরাধে শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া বালুরঘাট বাজারে মেসার্স ভাই ভাই কৃষি স্টোরের মালিক রিয়াজ উদ্দীনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, এক হাজার ৩৫০ টাকা দরের এক বস্তা (৫০ কেজি) সরকারি টিএসপি সার কৃষকের কাছে দুই হাজার ৩০০ টাকায় বিক্রি করা হয়েছে। বিষয়টি জানার পর ভ্রাম্যমাণ আদালত কর্তৃক দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, ‘সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুইজন সার ব্যবসায়ীকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।’