কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলকে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে বলে দাবি করলেও দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডে সেই অবস্থানের প্রতিফলন দেখা যাচ্ছে না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা শহরের একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সব রাজনৈতিক দলকে একসঙ্গে বসার আহ্বান
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে রেজাউল করিম বলেন, দলটি দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে। কিন্তু তাদের বর্তমান আচরণে সেই রাজনীতির প্রতিফলন দেখা যাচ্ছে না। জ্বালাও-পোড়াও দেশ ধ্বংসের একটি প্রক্রিয়া।
তিনি বিএনপি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলকে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। তাঁর মতে, সবাই এ দেশের সন্তান এবং দেশের ভালো-মন্দের সঙ্গে জড়িত। দেশকে সুন্দর করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং ব্যক্তিস্বার্থ পরিহার করতে হবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, তারা এ দেশেরই সন্তান। তবে দলটির নামে যেসব কর্মকাণ্ড ঘটছে, সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না। ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষ হত্যা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও থানায় আগুন দেওয়ার মতো ঘটনা কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সেই প্রশ্নও তোলেন তিনি।
গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হয়নি
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশায় ছাত্র-জনতা জীবন দিয়েছিলেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি।
তিনি বলেন, দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা ভুল করেছি। যাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, পুরোনোরাই নতুনভাবে শাড়ি পরে চেয়ারে বসেছে।
বিএনপিকে প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান
বিএনপিকে উদ্দেশ করে রেজাউল করিম বলেন, ক্ষমতায় যাওয়ার আগে গণভোটের রায় বাস্তবায়নসহ দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করতে হবে।
বিএনপি ক্ষমতায় আসার প্রায় এক বছর হতে চললেও গণভোটের রায় বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেন তিনি। জনগণের রায় উপেক্ষা করে দেশ পরিচালনা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।
তিনি আরও বলেন, ইসলামি আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা হলে দেশ সুখী ও সমৃদ্ধ হবে। সব পক্ষ একসঙ্গে কাজ করলে দেশে সমৃদ্ধির নতুন অধ্যায় তৈরি হতে পারে। বর্তমান ও অতীতের সরকারগুলোর নীতি ও আদর্শ ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি ইসলামকেই একমাত্র কার্যকর আদর্শ বলে মন্তব্য করেন।
ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবি
ভোলার দীর্ঘদিনের ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে রেজাউল করিম বলেন, দ্বীপজেলা ভোলাকে মেহেন্দিগঞ্জ-হিজলা হয়ে সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার সরকারি চিন্তাভাবনা পরিবর্তন করা উচিত।
তিনি বলেন, ভোলাবাসী ভোলা-বরিশাল সেতু চান। তাই সেতুটি ভোলা ও বরিশালের মধ্য দিয়েই নির্মাণ করতে হবে।