অভয়নগর (যশোর) প্রতিনিধি :
যশোরের অভয়নগরের পল্লীতে একই রাতে একই এলাকার তিনটি দরিদ্র পরিবারের ৬ টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। বুধবার দিবাগত রাতের শেষ প্রহরের দিকে উপজেলার বাঘুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় চোরেরা একদিনের বাচ্চাসহ একজন দরিদ্র কৃষকের একটি গাভীও নিয়ে গেছে।
জানাগেছে, বুধবার দিবাগত রাতের শেষ প্রহরে উপজেলার বাঘুটিয়া গ্রামের দাস পাড়ায় ইব্রাহিম গাজীর ছেলে আব্বাস গাজীর গোয়াল ঘর থেকে দুইটি এঁড়ে গরু, একই এলাকার রাজেন্দ্রীর মন্ডলের ছেলে দুলাল মন্ডলের গোয়ালঘর থেকে ১ টা এঁড়ে গরু ও তার প্রতিবেশী অতুল বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাসের গোয়াল ঘর থেকে তিনটি গরু চরু করে নিয়ে গেছে। যার মধ্যে একদিনের বাচ্চাসহ একটি গাভীও রয়েছে। চোরেরা গভীর রাতে ট্রাক যোগে এসে ৬ টি করে ট্রাক ভর্তি করে নিয়ে পালিয়ে যায়।
এক রাতে একই এলাকা থেকে ৬ টি গরু চুরি হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়েবুর রহমান জানান, এক রাতে তিনটি পরিবারের ছয়টি গরু চুরি হওয়ায় পরিবার তিনটি পথে বসেছে। ৬ টি গরুর আনুমানিক মূল্য ৭ লাখ থেকে ৮ লাখ বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি। ভাটপাড়া পুলিশ ক্যাম্পের আইসি জুয়েলকে পাটিয়েছি। বিস্তারিত খোঁজ খবর নিয়ে জানাতে পারবো।
এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে, খুলনার তেরখাদা উপজেলা থেকে ১ টি ট্রাকসহ ১১ টি গরু উদ্ধার করেছে বাগেরহাটের ফকিরহাট থানা পুলিশ। ফকিরহাট থানায় একটি গরু চুরির মামলার তদন্তে নেমে এ অভিযান পরিচালিত হয় বলে জানাগেছে। ধারনা করা হচ্ছে উদ্ধারকৃত গরুর মধ্যে অভয়নগর থেকে চুরি হওয়া ছয়টি গরু রয়েছে।
এ বিষয়ে উপজেলার ভাটপাড়া পুলিশ ক্যাম্পের আইসি জুয়েল হোসেন জানান, বিষয়টি খোঁজ খবর নিয়ে গরুর উদ্ধারের চেষ্টা চলছে।