অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার জলাবদ্ধ এলাকার মানুষের খোঁজখবর নিতে ধোপাদী নাথপাড়া গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যান সমাজসেবক আলহাজ্ব মো. রফিকুল ইসলাম ভূঁইয়া। এ সময় তিনি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের বিষয়ে খোঁজখবর নেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে রয়েছেন তারা। রফিকুল ইসলাম ভূঁইয়াকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন এবং তার জন্য দোয়া করেন।
রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, জলাবদ্ধ মানুষের কষ্ট দেখে তিনি নিজেকে ঘরে বসিয়ে রাখতে পারেননি। তাই তাদের পাশে দাঁড়াতে এবং বাস্তব পরিস্থিতি দেখতে তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় এসেছেন। তিনি জানান, জলাবদ্ধতার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
এ সময় তিনি আসন্ন নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, “জয়-পরাজয় আল্লাহর হাতে। তবে নির্বাচনের ফল যাই হোক, সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাব। মানবকল্যাণে নিজেকে নিয়োজিত রাখাই আমার অঙ্গীকার।”
এলাকাবাসী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনপ্রতিনিধি ও সমাজসেবীদের আরও সক্রিয় ভূমিকা কামনা করেন।