1. gangchiltvip@gmail.com : admin :
১২ বছরে অভয়নগর ব্লাড ব্যাংক - Gangchil TV
May 11, 2026, 1:16 pm

১২ বছরে অভয়নগর ব্লাড ব্যাংক

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, May 10, 2026
  • 62 সময় দেখুন

সমাজ বদলের সংকল্পকে ধারণ করে এক যুগের পথে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভয়নগর ব্লাড ব্যাংক’। ২০১৫ সালের ১০ই মে যাত্রা শুরু করে রক্তদানসহ নানা ধরনের ব্যতিক্রমী সামাজিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি এখন জনপ্রিয়তার তুঙ্গে।

১ যুগের এই পথচলায় এক ব্যাগ রক্ত কখনো ফিরিয়ে দিয়েছে মায়ের মুখের হাসি, অক্সিজেন সিলিন্ডার হয়ে উঠেছে কারো বেঁচে থাকার শেষ আশ্রয় কিংবা একটি সহানুভূতির হাত বাঁচিয়ে দিয়েছে পুরো একটি পরিবারকে। মানবিকতার এমন শতশত গল্প নিয়েই আজকের এই পথচলা।

সৈয়দ সোহায়িব ইমতিয়াজ ইয়াদের হাত ধরে কিছু স্বপ্নবাজ ও মানবিক তরুণের উদ্যোগে যাত্রা শুরু হয় “অভয়নগর ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবী সংগঠন”-এর। সাথে যুক্ত হয় আকিব হোসেন গালিব, আজগর বিশ্বাস, আলীম উদ্দিন, হারুনর রশীদ, রনি আহমেদ, আসিফ নেওয়াজ, তরিকুল ইসলাম বাবু, শিহাব শাহরিয়ার রাজ, ফাহাদ হোসেন, মুহাম্মাদউল্লাহ, সাফাওয়ান জাবের, হামজা মাসুদ, কৃতব মন্ডল তনু, রুবেল হাসান এবং হাসান মাসুদ উৎস সহ আরও অনেকে।

শুরুটা স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে হলেও সময়ের সঙ্গে সঙ্গে এই সংগঠন হয়ে উঠেছে অভয়নগরের মানুষের আস্থার আরেক নাম।বর্তমানে সংগঠনটি অভয়নগরের ৮টি ইউনিয়নে নিয়মিত রক্তদান কার্যক্রম পরিচালনা করছে। রক্তদানের গণ্ডি পেরিয়ে অভয়নগর ব্লাড ব্যাংক আজ পরিচালনা করছে বিভিন্ন সেবামূলক ও মানবিক কার্যক্রম। কখনো ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ, কখনো শীতার্ত মানুষের কাছে কম্বল পৌঁছে দেওয়া, কখনো সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ প্রদান, আবার কখনো ঈদ ও পূজার আনন্দ ভাগাভাগি করে নিয়েছে অসহায় পরিবার ও পথশিশুদের সঙ্গে।

 

বৃক্ষরোপণ, নদীতে মাছের পোনা অবমুক্তকরণ, অসহায় মানুষের চিকিৎসা সহায়তা এবং দরিদ্র পরিবারের শিশুর জন্মকালীন হাসপাতাল ব্যয় বহনের মতো বিভিন্ন মানবিক উদ্যোগেও রয়েছে তাদের সক্রিয় উপস্থিতি।

করোনা মহামারির সেই ভয়াবহ সময়েও থেমে থাকেনি তাদের মানবিক কার্যক্রম। যখন চারদিকে ছিল আতঙ্ক আর অনিশ্চয়তা তখন অসহায় মানুষের পাশে সাহস হয়ে দাঁড়িয়েছিল সংগঠনটি।

প্রায় ৩০টি অক্সিজেন সিলিন্ডার বিনামূল্যে সরবরাহ করা হয়েছিল বিভিন্ন হাসপাতালে। শিশুদের চিকিৎসাসেবার জন্য দেওয়া হয়েছিল শিশু ক্লিনিকেও অক্সিজেন সহায়তা। কারণ তাদের কাছে মানবতার কোনো লকডাউন ছিল না।

তবে শুধুই সহায়তা নয় বরং মানুষকে স্বাবলম্বী করে তোলাও এখন সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য। “স্বাবলম্বী প্রজেক্ট”-এর মাধ্যমে অসহায় পরিবারগুলোর মাঝে প্রদান করা হচ্ছে সেলাই মেশিন, ভ্যানগাড়ি, মুদি দোকান এবং গৃহপালিত পশু। ইতোমধ্যেই

৩৪টি সেলাই মেশিন এবং একটি ভ্যানগাড়ি সহায়তা দিয়েছে সংগঠনটি। যেখানে সহায়তা শেষ হয় না একদিনে বরং শুরু হয় একটি পরিবারের নতুন জীবনের গল্প।

 

“সংগঠন সংগঠনে প্রতিযোগিতা নয়,

সহযোগিতার মাধ্যমেই হোক ভ্রাতৃত্বের গাঢ় বন্ধন” এই মূলমন্ত্র ধারণ করেই অভয়নগরের বিভিন্ন ইউনিয়নভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠনকে

একত্রিত করেছে অভয়নগর ব্লাড ব্যাংক। আজ তাদের সহযোগী হিসেবে কাজ করছে অভয়নগর অক্সিজেন ব্যাংক, অভয়নগর ফুড ব্যাংকসহ মোট ১০টি ইউনিয়নভিত্তিক ব্লাড ব্যাংক। এসকল কাজের জন্য প্রয়োজন অর্থের সেই অর্থের যোগান দিচ্ছেন অভয়নগরের কিছু মহৎপ্রাণ মানুষ যারা আছেন দেশে ও বিদেশে তাদের অর্থের মাধ্যমেই এগিয়ে চলেছে এই সেবামূলক কার্যক্রম।

 

এগুলো শুধু একটি সংগঠনের গল্প নয়, এটি মানুষের জন্য মানুষের হয়ে বেঁচে থাকার গল্প। ১ যুগের পথে এগিয়ে চলা এই মানবিক অগ্রযাত্রা ভবিষ্যতেও ছড়িয়ে দিক মানবতার আলো।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর