ডেস্ক রিপোর্টঃ
যশোরের অভয়নগরে যশোর–খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার্ড করা হয়েছে।
আহতরা হলেন— আশুরা বেগম (২৪), স্বামী আল-আমিন; সুমাইয়া (২৮), স্বামী ফারুক আহমেদ এবং আশরাফুল আলম (২৫), পিতা শহিদুল ইসলাম। তারা সবাই বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা, থানা অভয়নগর, জেলা যশোর।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২১ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে যশোর–খুলনা মহাসড়কে অটোভ্যানযোগে চেঙ্গুটিয়া থেকে ভাঙ্গাগেটের দিকে আসার পথে আলিপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি উল্টে রাস্তার নিচে ছিটকে পড়ে যায় এবং এতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশুরা বেগম ও সুমাইয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার্ড করেন। অপর আহত আশরাফুল আলম বর্তমানে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহী পালিয়ে যায়। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো নিহতের সংবাদ পাওয়া যায়নি। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।