1. gangchiltvip@gmail.com : admin :
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস - Gangchil TV
May 3, 2026, 11:25 am

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, May 3, 2026
  • 22 সময় দেখুন

 

 

ডেস্ক রিপোর্ট | ৩ মে ২০২৬

 

আজ ৩ মে—বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে সারা বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরতে দিবসটি পালন করা হয়।

 

এ বছর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—

“শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার”।

 

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে দেশের সাংবাদিক সমাজ তাদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতের দাবিতে বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করছে।

 

উল্লেখ্য, ১৯৯১ সালে ইউনেস্কো-এর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশে এবং ১৯৯৩ সালে জাতিসংঘ-এর সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ৩ মে দিনটিকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সেই থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন।

 

এই দিনে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, গণমাধ্যমের স্বাধীনতার বর্তমান অবস্থা মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার অঙ্গীকার এবং দায়িত্ব পালনকালে প্রাণ উৎসর্গকারী সাংবাদিকদের স্মরণ করা হয়।

 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-এর উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হবে।

 

এছাড়া সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস রোডে অবস্থিত তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

 

 

 

প্রতিবেদন:

মোঃ নুরুল করিম

জেলা প্রতিনিধি

গাঙচিল টিভি

৩ মে ২০২৬

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর