স্টাফ রিপোর্টার:
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণা উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও ঢাকার মানিকগঞ্জের রবিউল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও বর্ণার ছোট ভাই মেহেদী হাসান জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিট বা ২টার দিকে তারা একসঙ্গে ভৈরব নদে গোসল করতে নামেন। একপর্যায়ে বর্ণা নদীতে ঝাঁপ দিলে হঠাৎ পানির নিচে তলিয়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে খুলনা থেকে আসা ডুবুরি দলও উদ্ধারকাজে যোগ দেয়। সন্ধ্যা পর্যন্ত যৌথভাবে উদ্ধার অভিযান চালানো হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত বর্ণার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।