পারস্পরিক সৌহার্দ্য ও রাজনৈতিক শিষ্টাচারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো যশোরের অভয়নগরে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর সৌজন্য সাক্ষাতে অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৪ আসনের প্রার্থী ফারাজী মতিয়ার রহমানের বাড়িতে যান নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাৎ স্থানীয় রাজনীতিতে ইতিবাচক বার্তা দিয়েছে।
দুই নেতার মধ্যে কুশল বিনিময় ও সৌজন্য আলাপচারিতার মাধ্যমে পারস্পরিক সম্পর্কের উষ্ণতা প্রকাশ পায়। উপস্থিত নেতাকর্মীরা জানান, এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ অভয়নগরের রাজনৈতিক সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।
এ ঘটনায় অভয়নগরে রাজনৈতিক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।