মোছাঃ আছমা আক্তার আখি
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সরবরাহকৃত সয়াবিন তেলের পরিবর্তে পানিভর্তি বোতল পাওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাতখামার খাদ্য গুদামে এ ঘটনা ঘটে।
জানা যায়, আসন্ন রমজান মাস উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য টিসিবির আমদানিকৃত ভোজ্যতেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন ঠিকাদার প্রতিষ্ঠান মের্সাস আনোয়ারা ট্রেডার্সের মাধ্যমে সাতখামার খাদ্য গুদামে পণ্য সরবরাহ করা হয়। ট্রাক থেকে ভোজ্যতেলের কার্টুন নামানোর সময় শ্রমিকদের কাছে একটি কার্টুনের ওজন অস্বাভাবিক মনে হলে সন্দেহের সৃষ্টি হয়। পরে কার্টুন খুলে দেখা যায়, টিসিবি স্টিকারযুক্ত বোতলের ভেতরে তেলের পরিবর্তে পানি রয়েছে।
বোদা সাতখামার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ঢাকা মেট্রো ট ১৪-৫৪৪৬ নম্বর প্লেটযুক্ত টিসিবির পণ্যবাহী ট্রাকটি বিকেলে গুদামে পৌঁছালে চালান অনুযায়ী পণ্য গ্রহণ করা হয়। কিন্তু আনলোডের সময় একটি কার্টুনে থাকা ৯টি বোতলেই তেলের বদলে পানি পাওয়া যায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং ট্রাকটি জব্দ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বোদা উপজেলা টিসিবির প্রতিনিধি শিবু বলেন, ঘটনাটি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে জানানো হলেও তারা অভিযোগ অস্বীকার করেছে।
অন্যদিকে ট্রাকচালক মইনুল ইসলাম জানান, তিনি দিনাজপুরের কাহারোল গুদাম থেকে পণ্য লোড করে প্রথমে দেবীগঞ্জ ও পরে বোদায় আনলোড করার কথা ছিল। এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন এবং প্রতিনিধির রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টিসিবি কার্ডধারী অনেকেই অভিযোগ করেছেন, সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান ইচ্ছেমতো পণ্য সরবরাহ করে থাকে। তাদের দাবি, এর আগেও পরিশোধিত সয়াবিন তেলের পরিবর্তে নিম্নমানের পাম তেল সরবরাহের ঘটনা ঘটলেও কার্যকর তদারকি হয়নি।