প্রিয়ব্রত ধর, নওয়াপাড়া :
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালীর সহধর্মিণী কালী দাসী বাওয়ালী (৭২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বুধবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে অভয়নগর উপজেলার ডুমুরতলা এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ প্রায় ছয় মাস ধরে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন।
কালী দাসী বাওয়ালী আজীবন ছিলেন শ্রমজীবী মানুষের একজন অকৃত্রিম বন্ধু। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রায় সব বড় আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন এবং এলাকার নারীদের সংগঠিত করে আন্দোলনে অংশ নিতে উৎসাহিত করতেন। কৃষকের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনেও তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন।
সুস্থ থাকাকালীন তিনি শ্রম বিক্রি করে সংসারের খরচ নির্বাহের পাশাপাশি ভবদহ আন্দোলনে স্বামী রণজিৎ বাওয়ালীর যাতায়াত ও আন্দোলনের ব্যয়ভার বহন করতেন বলে জানান রণজিৎ বাওয়ালী।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, যুগ্ম আহ্বায়ক গাজী আবদুল হামিদ, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, সদস্য শিবপদ বিশ্বাস, অধ্যাপক অনিল বিশ্বাস, প্রিয়ব্রত ধর, হরিনাথ বিশ্বাস, সাধন বিশ্বাস, কানু বিশ্বাস, রাজু আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন বিপ্লবী কমিউনিস্ট পার্টি অভয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড শেখ নূর আলম, কমরেড শহিদুল হক নিলকণ্ঠ মণ্ডল প্রমুখ।

এর আগে নওয়াপাড়া মহাশ্মশানে কালী দাসী বাওয়ালীর শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্য অনুষ্ঠানে ভবদহ আন্দোলনের নেতৃবৃন্দ, স্বজন ও অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন। শেষে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।