এবারের ঈদযাত্রা দেশের সড়ক, রেল ও নৌপথের অনিরাপদ বাস্তবতাকে নগ্নভাবে সামনে নিয়ে এসেছে। অনিয়ন্ত্রিত ও ঝুঁকিপূর্ণ যোগাযোগ ব্যবস্থার কারণে সারাদেশের মানুষের আনন্দঘন ঈদযাত্রা আজ উদ্বেগ ও আতঙ্কে পরিণত হয়েছে।
আজ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় বাসে থাকা অনেক যাত্রীকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন এই কঠিন সময়ে তাদের ধৈর্য ও শক্তি দান করেন—এই দোয়া রইল।
একইসঙ্গে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানাচ্ছি—ভবিষ্যতে যেন ঈদযাত্রা বা যেকোনো যাত্রাপথে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে, সে জন্য অবিলম্বে কঠোর, কার্যকর ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করা হোক। আমাদের মতো সাধারণ মানুষের জীবন যেন অব্যবস্থাপনা, অবহেলা ও উদাসীনতার বলি না হয়।