রামপাল প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর প্রায় ৩টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলাচলের সময় বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কয়েকজন যাত্রী নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল জানান, নিহতদের মধ্যে ৪ জনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সেখানকার সাংবাদিক এস এম মাহাবুবুর রহমান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের কারও নাম-পরিচয় নিশ্চিতভাবে জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। রামপাল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সচেতন মহল মহাসড়কে নৌবাহিনীর বাসসহ সকল যানবাহনের দ্রুতগতিতে চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।
মোঃ রবিউল ইসলাম
রামপাল প্রতিনিধি