গাজীপুরের শ্রীপুরে একটি বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়ে মোড়ানো খড়ের পুতুল, বেলকাঁটা, আগরবাতি ও বিভিন্ন উপকরণ পড়ে থাকতে দেখা গেছে। এ ঘটনায় বাড়ির মালিক ও আশপাশের এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের মো. আলী হোসেনের (৫৫) বাড়ির প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক আলী হোসেন জানান, ফজরের নামাজ শেষে বাড়ির প্রধান ফটক খুলতে গিয়ে তিনি ময়দা বা আটা দিয়ে আঁকা একটি বড় বৃত্ত দেখতে পান। বৃত্তের ভেতরে খড় দিয়ে তৈরি একটি পুতুল সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল। পুতুলটির বুকে বেশ কয়েকটি বেলকাঁটা গাঁথা এবং বাম হাত ও পা বাঁধা ছিল। আশপাশে লাল রঙের দাগ, গোলাপজলের বোতল, আগরবাতির প্যাকেট ও ছাই পড়ে থাকতে দেখা যায়।
ঘটনাটি জানাজানি হলে আশপাশের এলাকার মানুষ বাড়ির সামনে ভিড় করেন। এ ঘটনায় আলী হোসেন ও তার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
আলী হোসেন বলেন, কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে, তা তিনি বুঝতে পারছেন না। কারও সঙ্গে তার কোনো বিরোধ বা শত্রুতা নেই বলেও জানান তিনি।
প্রতিবেশী মহসিন মোল্লা জানান, সকালে আলী হোসেন তাকে ডেকে নিয়ে বিষয়টি দেখান। এলাকায় আগে কখনো এমন ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
এ বিষয়ে শ্রীপুরের বায়তুস সালাম জামে মসজিদের ইমাম ও ইসলামি বক্তা মাওলানা ইকরামুজ্জামান আব্দুল বাতেন বলেন, এসব উপকরণ জাদুটোনার উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টা করা হতে পারে। তবে ইসলামে জাদুটোনা কঠোরভাবে নিষিদ্ধ। এ ধরনের ঘটনা নিয়ে আতঙ্কিত না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখা উচিত।
তবে কে বা কারা কী উদ্দেশ্যে বাড়ির সামনে এসব উপকরণ রেখে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।