আজিম নিহাদ, স্টাফ রিপোর্টার, কক্সবাজার (চ্যানেল ২৪)
প্রকাশ: ১৮:৪৩, ১৫ জুলাই ২০২৬| আপডেট: ১৯:০০, ১৫ জুলাই ২০২৬
sharethis sharing buttonfacebook sharing buttontwitter sharing buttongmail sharing buttonprint sharing button
কক্সবাজারের রামু উপজেলায় প্রাইভেট কারে ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার’ লাগিয়ে পাচারকালে ছয় হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার জোয়ারিনালা ইউনিয়নের রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া এলাকার আব্দুল গফুরের ছেলে সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পশ্চিম নাউ এলাকার মৃত শহীদুল ইসলাম সবুজের মেয়ে সীমা ইসলাম (২২) ও ঢাকার দারুসসালাম থানা এলাকার শাকিল মৃধার স্ত্রী উর্মি আক্তার ঊষা (১৮)।
এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল। তিনি বলেন, বুধবার সকালে কক্সবাজার শহর থেকে ব্যক্তিগত গাড়িতে সংঘবদ্ধ চক্রের কয়েকজন মাদকের চালান নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়ার খবর পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে রামুর রাবার বাগান এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অবস্থান নিয়ে চট্টগ্রামমুখী যানবাহনের প্রতি নজরদারি শুরু করে। একপর্যায়ে কক্সবাজার দিক থেকে যাওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কার জব্দ করা হয়। পরে চালকসহ গাড়িতে থাকা দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত কয়েকজনের পরিচয় দেয়। এ ব্যাপারে খোঁজ নিলে পরিচয়ের সত্যতা পাওয়া যায়নি। এ সময় গাড়ি তল্লাশি চালিয়ে কৌশলে লুকানো ৬ হাজার ইয়াবা পাওয়া যায়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা।