1. gangchiltvip@gmail.com : admin :
অভয়নগরে ভৈরব নদে ঝাঁপ দিয়ে গৃহবধূ নিখোঁজ, একদিন পর লাশ উদ্ধার - Gangchil TV
March 13, 2026, 10:13 am

অভয়নগরে ভৈরব নদে ঝাঁপ দিয়ে গৃহবধূ নিখোঁজ, একদিন পর লাশ উদ্ধার

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, March 12, 2026
  • 88 সময় দেখুন

 

স্টাফ রিপোর্টার:

যশোরের অভয়নগরে শাশুড়ির সঙ্গে অভিমান করে নৌকা থেকে ভৈরব নদে ঝাঁপ দিয়ে সাবিনা বেগম (২৫) নামে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার একদিন পর তার লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ভৈরব নদীর ভাটপাড়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাবিনা বেগম অভয়নগর উপজেলার বাসিন্দা বাঁধন বিশ্বাসের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবিনা বেগম নৌকায় থাকা অবস্থায় হঠাৎ মাঝনদীতে ঝাঁপ দেন। এ সময় নৌকার মাঝিসহ ঘাটে থাকা কয়েকজন যুবক নদীতে লাফিয়ে পড়ে তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।

নিহতের শাশুড়ি রহিমা বেগম জানান, খুলনা থেকে ফেরার পথে সাবিনা তার মোবাইল ফোন হারিয়ে ফেলেন। পরে ভাটপাড়া খেয়াঘাটে নৌকায় ওঠার পর মোবাইল হারানোর বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে অভিমান করে সাবিনা মাঝনদীতে ঝাঁপ দেন।

নৌকার মাঝি দ্রুব দাস বলেন, শাশুড়ির সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে ওই গৃহবধূ নৌকা থেকে মাঝনদীতে ঝাঁপ দেন। অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে নদীতে তীব্র স্রোত এবং ঘন ঘন কার্গো জাহাজ চলাচলের কারণে সন্ধ্যার আগে উদ্ধার অভিযান স্থগিত করতে হয়। এ সময় খুলনা বিভাগীয় অফিসে ডুবুরি দল পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়।

বুধবার (১১ মার্চ) সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান চালানো হলেও সেদিন সাবিনার কোনো সন্ধান পাওয়া যায়নি।

অবশেষে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৬টা ৫০ মিনিটে অভয়নগরের নুরুল আমিন ঘাট সংলগ্ন এলাকা থেকে নৌ পুলিশ তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর