তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিংয়ে গিয়েছিলেন রাহুল।
প্রয়াত বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শুটিং শেষে সমুদ্র নেমে তলিয়ে যান তিনি। প্রাথমিক ভাবে অন্তত এমনটাই জানা গিয়েছে। স্টার জলসার ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-তে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছিল তাঁকে। সেই ধারাবাহিকের শুটিংয়ে গিয়েই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মাত্র ৪৩ বছর বয়সে তাঁর এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ টলিপাড়া।
জানা গিয়েছে, রবিবার ওডিশার তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন রাহুল-সহ ওই ধারাবাহিকের একটি টিম। শুটিংয়ের পরে সমুদ্রে নেমে ডুবে যান তিনি। দীর্ঘক্ষণ পরে তাঁকে টেকনিশিয়ানরা উদ্ধার করেন। তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস ‘এই সময় অনলাইন’-কে বলেন, ‘ডুবেই মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি। সব খতিয়ে দেখা হচ্ছে।’ পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার জানান, ‘বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশ সুপারকে পাঠানো হয়েছে। কেন এতো দেরি হলো উদ্ধার করতে তা খতিয়ে দেখা হবে।’ যদিও স্থানীয় একটি সূত্রে জানা গিয়েছে তালসারিতে শুটিংয়ের মাঝে বোট উল্টে যায়, তার সঙ্গে সিরিয়ালের এক সহ-অভিনেত্রীও ছিলেন। তাঁদের দু’জনকে উদ্ধার করা হয়। মৃত্যু হয় রাহুলের। ওই অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারাবাহিকের ইউনিটের একাংশের পক্ষ থেকে আবার বলা হয়েছে একটি দৃশ্যের শুটিংয়ের পরে রাহুল ও এক সহ-অভিনেত্রী সৈকতে নামে। তার পরেই ঘটে দুর্ঘটনা
‘ও মারা যেতে পারে না….’, ওটিটিতে একসঙ্গে শেষ কাজ, কান্নায় ভেঙে পড়লেন শ্রাবন্তী
ছোট পর্দায় তাঁর আত্মপ্রকাশ ‘খেলা’ ধারাবাহিকের হাত ধরে। পরে ‘তুমি আসবে বলে’, ‘দেশের মাটি’, ‘লালকুঠি’-এর মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে দর্শকের ঘরে ঘরে পৌঁছে যান। রাহুল বন্দ্যোপাধ্যায় দর্শকদের মনে দাগ কাটেন ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মধ্যে দিয়ে। পরিচালক রাজ চক্রবর্তীর এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা সরকার। ছবিটি সে সময়ের হিট।