তানভীর ভুইয়া, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সিএনজি, অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে নির্দিষ্ট কোনো ভাড়া তালিকা না থাকায় চালকরা নিজেদের ইচ্ছামতো ভাড়া আদায় করছেন বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা যায়, বিজয়নগরে সময়ের সাথে সাথে ভাড়া পরিবর্তন হলেও এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্ধারিত তালিকা প্রণয়ন বা কার্যকর করা হয়নি। ফলে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং চালকরা সুযোগ বুঝে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
বিশেষ করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে স্বল্প দূরত্বেও তুলনামূলক বেশি ভাড়া নেওয়ার অভিযোগ প্রায়ই শোনা যায়। এতে করে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা, বিশেষ করে নিম্নআয়ের মানুষ।
এ অবস্থায় দ্রুত একটি নির্দিষ্ট ভাড়া তালিকা প্রণয়ন এবং তা বাস্তবায়নে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।