অভয়নগরে উদ্ধার হওয়া শিশু রমজান অবশেষে মায়ের কোলে ফিরল
যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকা থেকে উদ্ধার হওয়া চার বছর বয়সী শিশু রমজান অবশেষে তার মায়ের কাছে ফিরেছে। শনিবার (৪ এপ্রিল) সকালে অভয়নগর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেয়।
এর আগে শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে স্থানীয়দের সহায়তায় রাজঘাট এলাকা থেকে অসহায় অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিভাগে ভর্তি রাখা হয়।
উদ্ধারের পর শিশুটি নিজের নাম রমজান (৪) জানালেও সঠিক ঠিকানা বলতে পারেনি। সে জানায়, তার বাবার নাম লিটন এবং মায়ের নাম মালেকা। পরবর্তীতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের পর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে নওয়াপাড়ায় ছুটে আসেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত মা উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, বর্তমান সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়, সদস্য আনিসুর রহমান ফারাজীসহ স্থানীয় সাংবাদিক ও চিকিৎসকরা।
এ সময় শিশুটির মাকে উপস্থিত সবার পক্ষ থেকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।