1. gangchiltvip@gmail.com : admin :
নওয়াপাড়ার বিসমিল্লাহ হোটেলে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিলের অভিযোগ, প্রতিবাদে দুর্ব্যবহারের অভিযোগ - Gangchil TV
July 21, 2026, 9:07 pm

নওয়াপাড়ার বিসমিল্লাহ হোটেলে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিলের অভিযোগ, প্রতিবাদে দুর্ব্যবহারের অভিযোগ

শেখ আলী আকবার, নিজস্ব সংবাদদাতা।
  • আপডেটের সময়: Tuesday, July 21, 2026
  • 70 সময় দেখুন

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

 

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার পরিবেশন, কৌশলে অতিরিক্ত বিল আদায় এবং প্রতিবাদকারী গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি, দীর্ঘদিন ধরে হোটেলটি বিভিন্ন কৌশলে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে আসছে।

 

ভুক্তভোগীদের অভিযোগ, হোটেলটিতে এক বাটিতে দুইজনের খাবার পরিবেশন করা হলেও তা আগে থেকে স্পষ্টভাবে জানানো হয় না। ফলে অনেক গ্রাহক সেটিকে একজনের খাবার মনে করে গ্রহণ করেন। পরে বিল পরিশোধের সময় জানানো হয়, সেটি দুইজনের খাবার ছিল এবং সেই অনুযায়ী অতিরিক্ত অর্থ দাবি করা হয়। খাবারের মান ও পরিমাণের তুলনায় মূল্যও অস্বাভাবিক বলে অভিযোগ করেন তারা।

 

এ বিষয়ে প্রতিবাদ করলে হোটেল মালিক নাসির গ্রাহকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে। কয়েকজন ভুক্তভোগীর দাবি, অভিযোগ জানালে তিনি উত্তেজিত হয়ে তেড়ে আসেন এবং গ্রাহকদের হেনস্তা করেন।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হোটেল মালিক নাসির প্রতারণার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা কোনো প্রতারণা করি না। এক বাটিতে দুইজনের খাবার পরিবেশন আমাদের নিয়মিত পদ্ধতি।”

 

স্থানীয়দের অভিযোগ, নওয়াপাড়া বাজারের ব্যস্ত এলাকায় অবস্থানের কারণে পথচারী, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ বাধ্য হয়ে এই হোটেলে খাবার খান। সেই সুযোগে দীর্ঘদিন ধরে গ্রাহকদের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে।

 

এ বিষয়ে অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ভোক্তাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা সহ্য করা হবে না। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

উল্লেখ্য, প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো ভুক্তভোগীদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা নিশ্চিত হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর