অভয়নগর (যশোর) প্রতিনিধি:
যশোরের অভয়নগরে নারিকেল গাছের ডেগা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খালের পানিতে পড়ে মো. ইমন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে অভয়নগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মদিনাবাঘ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন অভয়নগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাজঘাট এলাকার মৃত তবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ইমন নারিকেল গাছের ডেগা কাটার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তিনি গাছ থেকে নিচে খালের মধ্যে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইমনকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।