স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ৮টা ১৫ থেকে ৮টা ২০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। পরপর তিনটি বিকট শব্দে আদালত চত্বরসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের বিকট শব্দ শুনে তারা বাইরে বেরিয়ে আসেন। এ সময় ঘটনাস্থলে ধোঁয়া দেখতে পান। পরে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে এবং অনেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজেদুর রহমান সাগরসহ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, শান্তিপ্রিয় যশোর শহরকে অস্থিতিশীল করার জন্য একটি মহল দীর্ঘদিন ধরে এ ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে জুলাই স্মৃতির স্তম্ভেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, প্রেসক্লাব যশোরের সামনে সহকারী জজ আদালতের দেয়ালে দুটি এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।