মোঃ তাফসিরুল ইসলাম,
যশোরের মনিরামপুর উপজেলার চিনাটোলা বাজারে আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে চিনাটোলা বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চিনাটোলা বাজারের বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ফকিররাস্তা বাজার অতিক্রম করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বুলবুল হোসেন। এছাড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব রফিকুল ইসলাম, আনিচুর রহমান লিটন ও হাফিজুর রহমান হাফিজ। এ সময় বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
মিছিল শেষে বক্তব্যে ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বুলবুল হোসেন বলেন, “আমরা আওয়ামী লীগকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা রাজপথে আসার চেষ্টা করবেন না। আপনাদের পিঠের চামড়া থাকবে না। ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন সব সময় বিএনপির ঘাঁটি।”
বিক্ষোভ মিছিলে বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান।