1. gangchiltvip@gmail.com : admin :
যশোর জেলা আইনজীবী সমিতিতে ডিজিটাল যুগের সূচনা - Gangchil TV
November 15, 2026, 9:08 pm

যশোর জেলা আইনজীবী সমিতিতে ডিজিটাল যুগের সূচনা

শেখ আলী আকবার, যশোর জেলা প্রতিনিধি।
  • আপডেটের সময়: Sunday, November 15, 2026
  • 12 সময় দেখুন

 

ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে ডিজিটাল তথ্যভান্ডার, চালু হলো অনলাইন অটোমেশন ও ক্যাশলেস আর্থিক ব্যবস্থাপনা

 

 

 

১৭৮৪ সালে যাত্রা শুরু করা ঐতিহ্যবাহী যশোর জেলা আইনজীবী সমিতিতে যুক্ত হলো আধুনিক প্রযুক্তির নতুন অধ্যায়। সমিতির দীর্ঘদিনের ইতিহাস, ঐতিহ্য, বরেণ্য ব্যক্তিত্ব ও বিশিষ্ট আইনজীবীদের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণের পাশাপাশি চালু করা হয়েছে অনলাইন অটোমেশন সফটওয়্যার, সমন্বিত ওয়েবসাইট ও ক্যাশলেস আর্থিক ব্যবস্থাপনা।

 

নতুন এই উদ্যোগের আওতায় সমিতির ইতিহাস, ঐতিহ্য ও আইনাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের জীবন ও কর্মের তথ্য নিয়ে গড়ে তোলা হচ্ছে একটি সমৃদ্ধ ডিজিটাল তথ্যভান্ডার। এতে মাইকেল মধুসূদন দত্ত, রায় বাহাদুর যদুনাথ মজুমদার, বিচারপতি লতিফুর রহমান, শহীদ মশিয়ুর রহমান, সুশীল কুমার রায়, সৈয়দ আমীর আলী, আব্দুর রশিদ খান, হাবিবুর রহমান, রওশন আলী, অ্যাডভোকেট আজিজুর রব খান, শেখ হাসান ইমাম, কাজী তৌহিদুর রহমান, আব্দুল হক, নুর ইসলাম, কাজী আব্দুস শহীদ লাল, এ কে মনজুরুল হকসহ যশোরের আইনাঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের তথ্য ধারাবাহিকভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

 

এছাড়া সমিতির ২৪২ বছরের পুরোনো গ্রন্থাগারে সংরক্ষিত আইনবিষয়ক দুর্লভ গ্রন্থের তথ্যও ডিজিটালভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য যশোরের ইতিহাস, ঐতিহ্য ও আইনাঙ্গনের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ভূমিকা রাখবে।

 

অন্যদিকে, সমিতির প্রশাসনিক, আর্থিক ও দাপ্তরিক কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও স্বচ্ছ করতে চালু করা হয়েছে সমন্বিত ওয়েবসাইট, অনলাইন অটোমেশন সফটওয়্যার ও অ্যাপস। এর মাধ্যমে প্রচলিত ম্যানুয়াল কার্যক্রমকে পর্যায়ক্রমে ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনা হবে।

 

রোববার (১৫ নভেম্বর) যশোর জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনে আয়োজিত অনুষ্ঠানে ডিজিটাল ওকালতনামা বিক্রির মাধ্যমে নতুন এই কার্যক্রমের উদ্বোধন করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এইচ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক এম এ গফুর। অনুষ্ঠানে প্রথম ডিজিটাল ওকালতনামা ক্রয় করেন আইনজীবী কাজী ফরিদুল ইসলাম। এ সময় সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা-১, বাসুদেব বিশ্বাসসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

 

নতুন সফটওয়্যারের অন্যতম সুবিধা হচ্ছে, ওকালতনামাসহ সমিতির প্রয়োজনীয় বিভিন্ন ফরম অনলাইনে প্রস্তুত ও প্রিন্ট করা যাবে। ফরম বিক্রয়, বিক্রয়সংক্রান্ত হিসাব এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেন সফটওয়্যারের মাধ্যমে সংরক্ষণ ও পরিচালনা করা সম্ভব হবে। পাশাপাশি সদস্যদের চাঁদা, ফি, ভাড়া ও অন্যান্য আর্থিক লেনদেন ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার সুযোগ তৈরি হয়েছে।

 

প্রতিটি লেনদেনের তথ্য সফটওয়্যারে সংরক্ষিত থাকায় ভবিষ্যতে আর্থিক হিসাব, লেনদেনের ইতিহাস ও প্রতিবেদন সহজেই যাচাই করা যাবে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নির্ভুলতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

যশোরের প্রযুক্তি প্রতিষ্ঠান উৎসব টেকনোলজি লিমিটেডের কারিগরি সহযোগিতায় সফটওয়্যারটির উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, এটি কেবল একটি সফটওয়্যার চালুর উদ্যোগ নয়; বরং যশোর জেলা আইনজীবী সমিতির দীর্ঘদিনের ইতিহাস, ঐতিহ্য, জ্ঞানসম্পদ ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণের একটি যুগান্তকারী পদক্ষেপ।

 

তারা আশা প্রকাশ করেন, নতুন এই ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে সমিতির দৈনন্দিন কার্যক্রম আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে। একই সঙ্গে ক্যাশলেস আর্থিক ব্যবস্থাপনা ও তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে যশোর জেলা আইনজীবী সমিতি একটি আধুনিক ডিজিটাল প্রতিষ্ঠানে পরিণত হবে। দেশের অন্যান্য আইনজীবী সমিতির জন্যও এই উদ্যোগ অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর