জেমস আব্দুর রহিম রানা:
যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-২২৭) যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিন্টু গাজীকে আটক করেছে ডিবির সাইবার ইনভেস্টিগেশন টিম। বৃহস্পতিবার মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
মিন্টু গাজী যশোর শহরের বকচর হুঁশতলা বৌবাজার এলাকার আব্দুল হামিদ গাজীর ছেলে। এর আগে গাড়ির কাজ করতে রাজি না হওয়ায় শ্রমিক সরদার বাপ্পী রহমানকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মিন্টু গাজীসহ কয়েকজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৭ আগস্ট সকালে বকচর হুঁশতলা এলাকায় বাপ্পী রহমানের ভাড়া বাসায় গিয়ে তাকে লোহার রড দিয়ে পেটানো হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাতেরও চেষ্টা করা হয়। হামলায় আহত বাপ্পী রহমানকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি এ ঘটনায় থানায় মামলা করেন।
এদিকে, গত ২৮ সেপ্টেম্বর মিন্টু গাজীকে শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণের দাবিতে ইউনিয়নের সভাপতির কাছে লিখিত আবেদন দেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।
বিভিন্ন সময়ে মিন্টু গাজীর নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। সর্বশেষ বৃহস্পতিবার মধ্যরাতে তাকে আটক করেছে ডিবির সাইবার ইনভেস্টিগেশন টিম।